নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ (ট্রেইনার্স ট্রেনিং) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি)-এর সদস্যদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোছা. নাদিরা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কর্মকর্তা এবং যুব উন্নয়ন, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসানুল হক মিটন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির মাধ্যমে এটি স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলা রিসোর্স টিমের সদস্যদের দক্ষতা বৃদ্ধি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারের উপপরিচালক মোছা. নাদিরা আখতার বলেন, গ্রাম আদালত বিষয়ে জনগণের আস্থা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করলে উচ্চ আদালতের ওপর মামলার চাপ কমবে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণটি ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222