রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এখন যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে চাঞ্চল্যকর এই মামলার শুনানি শুরু হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রশাসন সূত্র জানায়, সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে মামলার পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসে পৌঁছেছে এবং বর্তমানে এটি যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এর আগে গত ৯ জুন শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ে স্বাক্ষরের পর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, নিম্ন আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে, যা আইনি পরিভাষায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন
banner

গত ৭ জুন আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে মূল আসামি সোহেল রানাকে ফাঁসির পাশাপাশি পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং অপরাধে সহযোগিতার জন্য তার স্ত্রী স্বপ্না আক্তারকে ফাঁসির পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের নির্দেশনানুযায়ী, এই অর্থদণ্ডের টাকা ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারী পাবেন। আসামিরা ক্ষতিপূরণের টাকা দিতে ব্যর্থ হলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিমের পরিবারকে তা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত তাঁর রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন, শিশুটিকে হত্যার আগে নির্মমভাবে ধর্ষণ ও শরীরের বিভিন্ন স্থানে জখম করার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আসামি সোহেল আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন করেনি, যা তার অপরাধের সত্যতা নিশ্চিত করে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না অপরাধ সংঘটনে বাধা না দিয়ে উল্টো স্বামীকে পালাতে সহযোগিতা করেছেন। অপরাধে এই প্রত্যক্ষ সহযোগিতা ও তা প্রতিরোধে কোনো ভূমিকা না রাখার বিষয়টি আদালতে সুষ্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল দুই আসামিকে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222