নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরতে এবং এই দিনটিকে ঘিরে গড়ে ওঠা নানা ধরনের অপসংস্কৃতি ও কুসংস্কারের কবল থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। “অপসংস্কৃতির কবলে পবিত্র আশুরা: আমাদের করণীয়” শীর্ষক এই সেমিনারটি আগামী ১৮ জুন, বৃহস্পতিবার বিকেল ৩টায় শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সেমিনারে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, গবেষক ও চিন্তাবিদগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন।
সেমিনারটি সফল করতে আমন্ত্রিত হয়েছেন দেশের বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তিত্ব। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন আমীর-ই-খতমে নবুওয়্যাত সংরক্ষণ কমিটি বাংলাদেশের প্রধান আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি ও ডিআইটি জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল সাহেব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. আ আ ফ ম খালিদ হোসাইন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন এবং লেখক ও দার্শনিক মাওলানা মুসা আল হাফিজ।
এছাড়াও সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন মাওলানা আব্দুল গাফফার শাহপুরী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মুফতী মাহমুদুল হাসান কাসেমী এবং এতে সভাপতিত্ব করবেন উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মামুন ফেরদাউস। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকার কথা রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরামের।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আশুরার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব মুসলিম সমাজে অনেক গভীর। কিন্তু কালের পরিক্রমায় এই পবিত্র দিনটিকে কেন্দ্র করে সমাজে নানা ধরনের অনৈসলামিক কর্মকাণ্ড, তাজিয়া মিছিলের নামে বাড়াবাড়ি ও বিভিন্ন অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে। সাধারণ মানুষকে এসব কুসংস্কার সম্পর্কে সচেতন করা এবং ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সেমিনারের ডাক দেওয়া হয়েছে। আয়োজক কমিটি দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদী জনতাকে যথাসময়ে সেমিনারে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
টিএইচএ/
