বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রধান অগ্রাধিকার : প্রশাসক

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: বর্তমানে বর্জ্য অপসারণই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক নম্বর অগ্রাধিকার কাজ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, সিটি করপোরেশনের সবচেয়ে কঠিন ও কষ্টসাধ্য কাজটি করেন পরিচ্ছন্নতাকর্মীরা। নাগরিকদের সচেতনতা এবং পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব।

মঙ্গলবার (১৭ জুন) নগর ভবন অডিটোরিয়ামে ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে ডিএসসিসির ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ওয়ার্ডভিত্তিক টেন্ডারের মাধ্যমে পরিচালিত বর্তমান সংগ্রহ ব্যবস্থায় নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথাও নির্ধারিত সময়ে ময়লা সংগ্রহ না হওয়া এবং কোথাও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে তিনি জানান, আগামী বছর বর্তমান ব্যবস্থা বহাল থাকবে কি না, তা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। প্রয়োজনে নতুন ব্যবস্থা চালু করা হতে পারে।

ঈদুল আজহায় দ্রুত বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে প্রশাসক বলেন, দ্রুত বর্জ্য অপসারণের ফলে এবার নগরবাসী দুর্গন্ধ ও ভোগান্তি থেকে অনেকটাই মুক্ত ছিল, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

তিনি পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন ও স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথাও জানান। ইতোমধ্যে এক হাজার পরিচ্ছন্নতাকর্মীকে হেলথ কার্ড দেওয়া হয়েছে, যা ধাপে ধাপে ছয় হাজারে উন্নীত করা হবে।

এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে এবং তাদের সন্তানদের শিক্ষায় সহায়তার কথাও ভাবছে সিটি করপোরেশন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222