আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানে পবিত্র মহররম মাস ও আশুরার অনুষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বৈঠক করেছেন তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি। বৈঠকে তিনি নাগরিকদের ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা বজায় রাখার ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন।
বুধবার (১৭ জুন) তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সভাপতিত্বে মন্ত্রণালয়ের নেতৃত্ব পর্যায়ের এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী, বিভিন্ন বিভাগের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার পাশাপাশি আসন্ন মহররম মাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, সিরাজুদ্দিন হাক্কানি বৈঠকে মহররম মাসজুড়ে দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের আগাম সতর্কতামূলক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বৈঠকে তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণের ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা আরও জোরদার করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দেশজুড়ে নিয়োজিত সমস্ত নিরাপত্তা বাহিনীকে জনগণের সত্যিকারের সেবার মাধ্যমে তাদের আস্থা অর্জনের প্রচেষ্টা আরও বাড়াতে হবে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, বৈঠকে অপরাধ দমন বিভাগের কার্যকারিতা বাড়াতে আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহ এবং এই বিভাগের কর্মীদের পেশাদারত্ব ও দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল
হাআমা/
