জাতীয় সংসদ অধিবেশনে সরকারের মন্ত্রীদের নিয়মিত উপস্থিত থাকার কঠোর তাগিদ দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় এবং সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশনই সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
মঙ্গলবার (২৩ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়ে প্রশ্ন তুললে তার পরিপ্রেক্ষিতে স্পিকার এই মন্তব্য করেন।
সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংসদ অধিবেশনকে প্রাণবন্ত রাখতে শুরু থেকেই স্পিকার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি বা মন্ত্রী সংসদকক্ষে উপস্থিত নেই। এটি সংসদের মেজাজের সঙ্গে যায় কি না, স্পিকারকে সেই সিদ্ধান্ত দেওয়ার অনুরোধ জানান তিনি। বিরোধীদলীয় নেতা আরও বলেন, জ্যেষ্ঠ নেতাদের এমন অনুপস্থিতি তাদের আহত করে। সেই সঙ্গে মাঝেমধ্যে দেখা যায়, সংসদ কক্ষের ভেতরেই কোনো কোনো জায়গায় চার-পাঁচজন মিলে নিজেদের মধ্যে আলাদা কথা বলছেন, যা সংসদের পরিবেশ ক্ষুণ্ন করে। এর আগে সোমবারও (২২ জুন) মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দল।
চিফ হুইপকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপনি মাননীয় মন্ত্রীদের বলবেন, তারা যেন সংসদে যথাসময়ে আসেন। সংসদ সদস্যরা যেসব বক্তব্য তাদের মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয়ে বলেন, সেগুলোর ব্যাপারে মন্ত্রীরা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন। বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার আরও বলেন, তিনিও মাঝেমধ্যে সংসদ কক্ষে ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলতে দেখেন। তিনি সংসদ সদস্যদের এ ধরনের আলোচনা না করার এবং যথাসম্ভব নিজ আসনে বসে সংসদ কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেন।
অবশ্য অধিবেশনের শুরুতে বিরোধীদলীয় নেতা যখন সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, তখন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ ১০ থেকে ১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে সংসদে উপস্থিত থাকতে দেখা যায়। উল্লেখ্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সফর শেষে চীনে অবস্থান করছেন। তাঁর সফরসঙ্গী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ সরকারের কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী।
টিএইচএ/
