৩৬নিউজ ডেস্ক: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার দাবিতে হাসপাতালের সেবাগ্রহণকারী নাগরিক সমাজের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিরা অবিলম্বে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়ে হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম পরিচালনায় আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবি জানান। তারা বলেন, কোনো একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে একটি পুরো হাসপাতাল বন্ধ করে দিয়ে লাখ লাখ মানুষের চিকিৎসাসেবা ও জীবন হুমকির মধ্যে ফেলে দেওয়া একটি আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। বক্তারা হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে, কিন্তু সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির অধিকার কেড়ে নেওয়া যাবে না।
আদ্-দ্বীন সেবাগ্রহণকারী নাগরিক সমাজের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট সুলতান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন স্তরের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় প্রতিনিধি সাইফুল্লাহ বাপ্পি, আ জ ম ওবায়দুল্লাহ, আহসান উল্লাহ শামীম, আবু মুসা, জেসমিন আক্তার, ফারহানা লিপি, প্রিন্সিপাল এএসএম মোস্তফা কামাল এবং আহমদ আলী সরকারসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারণ মানুষের চিকিৎসাগত ভোগান্তি নিরসনে আগামী ৭ দিনের মধ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিতে হবে। এই সময়সীমার মধ্যে লাইসেন্স ফিরিয়ে দেওয়া না হলে হাসপাতালের সকল সাধারণ সেবাগ্রহীতা ও নাগরিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে। এরপরও যদি জনগণের ন্যায্য দাবি আদায় না হয়, তবে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করাসহ আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে হুঁশিয়ারি দেওয়া হয়।
টিএইচএ/
