রাঙ্গামাটি জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান ও তাঁর ভাইয়ের ওপর যুবদল নেতার সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। অবিলম্বে এই হামলায় জড়িতদের গ্রেফতার করা না হলে সর্বত্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এই হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, রাঙ্গামাটির গুলশাখালী ইউনিয়নে মাদরাসার জায়গা দখল করে যুবদলের ইউনিয়ন সেক্রেটারী আবুল কালাম আজাদ বেড়া দিতে গেলে তার প্রতিবাদ করেন মাদরাসার মুহতামিম ও ইসলামী আন্দোলন নেতা মাওলানা আবদুল মান্নান। এর জেরে তাকে দেশীয় অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। হামলায় তার মাথার হাড় ফেটে গেছে এবং বর্তমানে তিনি জীবন-মরণ সন্ধিক্ষণে রয়েছেন।
ইসলামী আন্দোলনের এই নেতা অভিযোগ করে বলেন, বিএনপি বর্তমানে ইসলামী আন্দোলনের নেতাদের হামলা ও মামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের সর্বনাশা পতন ডেকে আনছে।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, কুমিল্লায় দলের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা দায়ের এবং ময়মনসিংহে লালবাগ মাদরাসার প্রবীণ উস্তাদ আল্লামা ক্বারী আবু রায়হান হাফিজাহুল্লাহর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনাগুলো অত্যন্ত অশুভ ইঙ্গিত।
আলেমদের ওপর এই আঘাত, মামলা ও হয়রানির জন্য বিএনপিকে চরম খেসারত দিতে হবে এবং এর কারণে তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়। ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ অনতিবিলম্বে সকল হামলাকারী ও মিথ্যা মামলা দায়েরকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হাআমা/
