নিজস্ব প্রতিবেদক :: সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মনোনীত হয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। চরমোনাই পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হওয়ার অভিনন্দন পাচ্ছেন তিনি সব জায়গা থেকে।
শনিবার (২৭ জুন) ইসলামী আন্দোলনের মজলিসে শূরার বৈঠকে মহাসচিবসহ দলে আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়।
মাওলানা গাজী আতাউর রহমানের মহাসচিব হওয়ার বিষয়টি ইসলামী আন্দোলনের একাধিক নেতা নিশ্চিত করেছেন। যদিও দল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়।
রাজধানীর একটি হোটেলে ইসলামী আন্দোলনের শূরার বৈঠক চলছে। দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এতে সভাপতিত্ব করেছেন। সারাদেশ থেকে শূরা সদস্যরা এই বৈঠকে যোগ দিয়েছেন।
মাওলানা গাজী আতাউর রহমান ছাত্রজীবন থেকে পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন দলের সঙ্গে যুক্ত। তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত কয়েক বছর ধরে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দলের মুখপাত্রের দায়িত্বও তিনি পালন করছেন।
মাওলানা গাজী আতাউর রহমানের গ্রামের বাড়ি গাজীপুরে। তিনি গাজীপুর-৫ আসন থেকে একাধিকবার হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও তিনিও প্রতিদ্বন্দ্বিতা করেন।
