দেশের ব্যাংকখাতের অর্ধবার্ষিক সমাপনী উপলক্ষে আগামীকাল বুধবার (১ জুলাই) ‘ব্যাংক হলিডে’ পালিত হবে। এই কারণে দিনটিতে দেশের সব তফসিলি ব্যাংকের সব ধরনের সাধারণ লেনদেন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।
প্রতিবছর ১ জুলাই তারিখটিকে দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে ব্যাংকগুলো তাদের বিগত ছয় মাসের যাবতীয় অভ্যন্তরীণ হিসাব-নিকাশ চূড়ান্তভাবে মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই দাপ্তরিক কাজের সুবিধার্থে ও নির্বিঘ্ন করতে দিনটিকে প্রতিবছর ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলো অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য খোলা থাকবে।
এদিকে ব্যাংকিং লেনদেন বন্ধ থাকার কারণে একই দিনে দেশের দুই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো ধরনের শেয়ার লেনদেন হবে না।
উল্লেখ্য, প্রতিবছর দুই দিন ব্যাংক হলিডে থাকে। এর মধ্যে ১ জুলাই অর্ধবার্ষিক হিসাব এবং ৩১ ডিসেম্বর পঞ্জিকা বছরের হিসাব গুছিয়ে চূড়ান্ত বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে ব্যাংকগুলো। ফলে ওই দিনটিকেও একইভাবে ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়। আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে যথারীতি পুনরায় স্বাভাবিক ব্যাংকিং লেনদেন ও পুঁজিবাজারের কার্যক্রম শুরু হবে।
টিএইচএ/
