আন্তর্জাতিক ডেস্ক :: দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের বেফাকুল মাদারিসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতী ও বিশ্বের অন্যতম প্রধান আলেম আল্লামা তকি উসমানী।
বৃহস্পতিবার (২ জুলাই) জামিয়া দারুল উলুম করাচিতে অনুষ্ঠিত বেফাকের যৌথ নির্বাচনী সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
পাকিস্তান বেফাকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, মাওলানা মুহাম্মাদ হানীফ জালান্ধারী টানা সপ্তমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাযিমে আলা নির্বাচিত হয়েছেন। সভাপতি পদের জন্য মুফতী তাকী উসমানীর নাম প্রস্তাব করেন মাওলানা ফজলুর রহমান। নাযিমে আলা পদের জন্যও মাওলানা হানীফ জালান্ধরীর নাম প্রস্তাব করেন মাওলানা ফজলুর রহমান। সভায় এক হাজারের বেশি সদস্য সর্বসম্মতিক্রমে নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
বিবৃতি অনুযায়ী, আল্লামা তকি উসমানী ও মাওলানা হানীফ জালান্ধারী আগামী ৫ বছর বেফাকুল মাদারিসের নেতৃত্ব দেবেন।
বেফাকুল মাদারিসের নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, নতুন নেতৃত্ব মাদরাসাগুলোর ঐক্য এবং ইসলামী মূল্যবোধের বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। সফল আন্দোলনগুলো নীতি, কৌশল ও স্পষ্ট নীতিমালার ভিত্তিতে এগিয়ে যায়। মতবিরোধকে সম্মান, যুক্তি ও সংলাপের সীমার মধ্যে থাকতে হবে।
সূত্র: ডেইলি জঙ্গ
