বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): যেখানে অবহেলা ও দুর্নীতি পাওয়া যাবে, সেখানেই সরাসরি চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। তিনি বলেন, দুর্নীতি বা অবহেলার ক্ষেত্রে আমি কোনো ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করতে হবে, আমরা একে কোনো প্রশ্রয় দেব না। দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। একই সাথে ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এই বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে যাতে জনগণের উন্নয়ন করা যায় এবং বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো যায়। আমাদের এবারের বাজেট কোনো টাকার বাজেট না, এটি আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
শনিবার দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও জানান, এ বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করা হচ্ছে। সাময়িকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ক্লাস হবে এবং নার্সিং ইনস্টিটিউটের ক্লাস ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে নেওয়া হবে। মেডিকেল কলেজের জন্য ইতোমধ্যে জায়গা দেখা হচ্ছে, খুব শিগগিরই জায়গা নির্ধারণ করে সেখানে নতুন ভবনের কাজ শুরু করা হবে। এছাড়া চীনের সহযোগিতায় যে অত্যাধুনিক ১৮টি হাসপাতাল বাংলাদেশে হবে, তার একটি নরসিংদীতে স্থাপন করা হবে এবং সেটি শহরের আশেপাশে করার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি হারুনূর রশিদ, ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক ক মহসিন হোসেন বিদ্যুৎ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাত হোসেন মোল্লা, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহেদ সরকারসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি এবং নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
টিএইচএ/
