রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন লাগিয়ে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি করার মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৬ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ প্রদান করেন। এর আগে তদন্ত কর্মকর্তা আসামিকে বিশেষ নিরাপত্তায় আদালতে হাজির করে এই মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছিলেন।
তদন্ত কর্মকর্তা আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করেন, ২০২৩ সালের ৪ এপ্রিল সংঘটিত বঙ্গবাজারের সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্তে আসামি আফজাল হোসেনের প্রত্যক্ষ ও পরোক্ষ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই এই অন্তর্ঘাতমূলক ঘটনার নেপথ্যের কারণ এবং এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সাবেক এই আইনপ্রণেতাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো অত্যন্ত প্রয়োজন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে রাজধানীর অন্যতম প্রধান কাপড়ের হাট বঙ্গবাজার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং ব্যবসায়ীদের প্রায় ৫০০ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়। এই নজিরবিহীন ঘটনায় ব্যবসায়ী মো. কামাল হোসেন রিপন বাদী হয়ে পরবর্তীতে একটি মামলা দায়ের করেন। দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা এই মামলায় সাবেক এমপি আফজাল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। এই মামলায় এর আগেও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
টিএইচএ/
