বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ইসলামি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে চার বছর মেয়াদি স্নাতক (গ্রাজুয়েশন) সম্পন্নকারী শিক্ষার্থীদের চূড়ান্ত গড় ফলাফলের ভিত্তিতে প্রকাশিত সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছেন ৭ জন বাংলাদেশি শিক্ষার্থী।
আল-আজহারের মতো ঐতিহ্যবাহী ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এটি একটি গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। গত সোমবার (৬ জুলাই) ধর্মতত্ত্ব অনুষদের অফিসিয়াল ফেসবুক পেজে বিভিন্ন বিভাগের চার বছরের চূড়ান্ত গড় ফলাফলের ভিত্তিতে সেরা দশ গ্রাজুয়েটের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে আকিদা ও দর্শন, তাফসির এবং হাদিস এই তিন বিভাগেই বাংলাদেশি শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
আকিদা ও দর্শন (শুবাতুল আকিদা ওয়াল ফালসাফা) বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মাহবুবুল আলম। তিনি চার বছরের গড় ৯৪.০৮ নম্বর পেয়েছেন। একই বিভাগে মাহফুজুর রহমান গড় ৯৩.৪৩ নম্বর নিয়ে দ্বিতীয় এবং মুহা. রেজাউল করীম গড় ৯১.০৭ নম্বর নিয়ে সপ্তম স্থান অর্জন করেছেন।
তাফসির বিভাগে মাসুম বিল্লাহ গুলজার চার বছরের গড় ৯৫.০৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন। এছাড়া ইয়াকুব বিন ইসহাক গড় ৯২.২৯ নম্বর নিয়ে ষষ্ঠ এবং আতিকুল ইসলাম গড় ৯০ নম্বর নিয়ে দশম স্থান অর্জন করেছেন।
অন্যদিকে হাদিস বিভাগে জুবায়ের আহমদ চার বছরের গড় ৯০.০৬ নম্বর পেয়ে সেরা দশে স্থান করে নিয়েছেন। বিশ্বব্যাপী ইসলামি শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্য দেশের জন্য বিশেষ সম্মানের। সংশ্লিষ্টদের মতে, এ অর্জন শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতিই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের সক্ষমতা ও সম্ভাবনারও উজ্জ্বল প্রমাণ।
তাদের মতে, আল-আজহারের মতো ঐতিহ্যবাহী ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে দেশের উচ্চশিক্ষা, গবেষণা এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
