নিজস্ব প্রতিবেদক :: কওমি মাদরাসার বোর্ডগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক, হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর অন্যতম খলিফা এবং জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচরের শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল বরিশালী আবারও অসুস্থ হয়ে গত কয়েকদিন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছিলেন। কয়েকদিন হাসপাতালে থাকার পর তিনি রিলিজ নিয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু বাড়ি ফিরেও তিনি অসুস্থতাবোধ করছেন বলে জানিয়েছেন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কাওমিয়ার অফিস ব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা অসিউর রহমান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে মাওলানা ইসমাঈল বরিশালীর জন্য দোয়া কামনা করেছেন।
এর আগে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির এবং কামরাঙ্গীরচর মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা মুজিবুর রহমান হামিদী তাঁর অসুস্থতার খবর জানিয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, মাওলানা ইসমাঈল বরিশালী হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর সান্নিধ্যপ্রাপ্ত ও তাঁর খলিফা। বর্তমানে তিনি জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের শাইখুল হাদিস এবং প্রতিষ্ঠানটির সাত সদস্যবিশিষ্ট পরিচালনা বোর্ডের একজন সদস্য। নূরিয়ার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন মাদরাসায়ও হাদিসের দরস প্রদান করে থাকেন।
প্রবীণ এই আলেম শুরু থেকেই আল-হাইয়্যাতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। দেশ-বিদেশে তাঁর হাজার হাজার ছাত্র ও ভক্ত-মুরিদান রয়েছে।
