কওমি মাদরাসার নীতিমালা ও পৃথক হাফেজিয়া বোর্ডের উদ্যোগ আইনের সঙ্গে সাংঘর্ষিক

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: কওমি মাদরাসা স্থাপনের নীতিমালা প্রণয়ন এবং হাফেজিয়া মাদরাসার জন্য পৃথক কেন্দ্রীয় বোর্ড গঠনের সরকারি উদ্যোগকে ‘২০১৮ সনের আইনের সঙ্গে সাংঘর্ষিক’ বলে দাবি করেছে কওমি মাদরাসা সমূহের সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’। একই সঙ্গে আগামীকাল (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা এক বিশেষ সভায় অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেছে সংস্থাটি।

​আজ বুধবার (৮ জুলাই) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এই অপারগতা ও আপত্তির কথা জানানো হয়। আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশক্রমে ও কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

​জানা গেছে, জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর সিদ্ধান্ত মোতাবেক কওমি মাদরাসা স্থাপনের নীতিমালা প্রণয়ন, দেশের সকল হাফেজিয়া মাদরাসার জন্য একটি কেন্দ্রীয় বোর্ড গঠন এবং ইউনিয়ন পর্যায়ে কর্মমুখী শিক্ষার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা আহ্বান করা হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়ার সভাপতিত্বে ওই সভায় হাইআতুল উলয়ার শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

​তবে অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে ঢাকার বাইরে অবস্থানরত সদস্যদের পক্ষে সভায় যোগ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে হাইআতুল উলয়া।

এছাড়া সরকারের এই উদ্যোগের বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে সংস্থাটি তাদের সুষ্পষ্ট বক্তব্য তুলে ধরেছে।

​নীতিমালা প্রণয়ন নিয়ে আপত্তি

হাইআতুল উলয়া চিঠিতে উল্লেখ করেছে, ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ আইন, ২০১৮’ -এর ধারা ২ (চ) অনুযায়ী— নেসাবে তা’লীম (পাঠ্যক্রম), শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও ভৌত অবকাঠামো নির্মাণসহ মাদরাসা পরিচালনার ক্ষেত্রে কওমি মাদরাসা সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে নিজস্ব স্বকীয়তা বজায় রাখবে।

বর্তমানে হাইআতুল উলয়ার অধীন ৬টি বোর্ডের প্রতিটির নিজস্ব নীতিমালা রয়েছে। নতুন করে সরকার কর্তৃক নীতিমালা প্রণয়ন করা হলে তা কওমি মাদরাসার স্বকীয় নীতিমালার ওপর হস্তক্ষেপ হবে, যা আইনের পরিপন্থী।

​হাফেজিয়া মাদরাসার পৃথক বোর্ড ‘অবান্তর’ পৃথক হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগকে ‘অবান্তর’ আখ্যা দিয়ে কওমি কর্তৃপক্ষ জানায়, দেশের প্রায় সব হাফেজিয়া মাদরাসায় ইতোমধ্যে আইনের ধারা ৪ অনুযায়ী হাইআতুল উলয়ার অধীনে থাকা ৬টি বোর্ডের যেকোনো একটির সঙ্গে অধিভুক্ত রয়েছে। ফলে নতুন করে পৃথক বোর্ড গঠনের চিন্তা আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

কওমি মাদরাসা সংশ্লিষ্ট এসব সংবেদনশীল বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়ে সরকারের এই ধরনের সকল উদ্যোগ থেকে বিরত থাকার অনুরোধ করেছে আল-হাইআতুল উলয়া।

​বিষয়টি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ধর্মমন্ত্রীকে অবহিত করতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, শিক্ষামন্ত্রী ও ধর্মমন্ত্রীর একান্ত সচিবকেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বলে দপ্তর সম্পাদক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222