আন্তর্জাতিক ডেস্ক:: দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর নিয়ে আলোচনায় বসেছে আফগানিস্তান ও ভারত। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দেশ দুটির যৌথ কমিটির চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
রণধীর জয়সোয়াল জানান, বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পাকিস্তান, আফগানিস্তান ও ইরান বিভাগ) এম. আনন্দ প্রকাশ। অন্যদিকে আফগানিস্তানের প্রতিনিধিদলের পক্ষে যৌথভাবে সভাপতিত্ব করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক শুয়াইব বারিয়ালাই।
এক্সে দেওয়া পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিখেছেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পিএআই) শ্রী এম. আনন্দ প্রকাশ এবং আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শুয়াইব বারিয়ালাইয়ের যৌথ সভাপতিত্বে আজ ভারত-আফগানিস্তান যৌথ কমিটির চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে খোলামেলা কথা হয়েছে।”
তবে এই দ্বিপাক্ষিক বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি কিংবা কোনো সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কোনো পক্ষই।
