সংকট থেকে দেশ উত্তরণের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিন: চরমোনাই পীর

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: দেশে দীর্ঘ চার বছর ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা চরম কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার এখন মধ্যবিত্ত পরিবারেরও ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই সংকট কাটাতে কেবল কথার ফুলঝুড়ি না ছড়িয়ে সরকারকে অবিলম্বে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখা আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

পীর সাহেব চরমোনাই বলেন, “বছরের পর বছর ধরে চলা আর্থিক খাতের অব্যবস্থাপনা, লাগামহীন খেলাপি ঋণ, অর্থ পাচার এবং নীতি দুর্বলতারই পরিণতি আজকের এই সংকট। বাজার সিন্ডিকেট ও অবৈধ অর্থনৈতিক তৎপরতা দমনে প্রশাসনের কোনো দৃশ্যমান সদিচ্ছা দেখা যাচ্ছে না। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আজ দেউলিয়া হওয়ার পথে, আর গোটা অর্থনীতি জিম্মি হয়ে পড়েছে মুষ্টিমেয় কিছু অসাধু চক্রের হাতে।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার নানা প্রচেষ্টার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদাকে ক্ষুণ্ন করে কোনো পরাশক্তিকে ঢালাওভাবে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে আখ্যায়িত করার সুযোগ নেই। এটি ঐতিহাসিক সত্য এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির সম্পূর্ণ পরিপন্থী।”

চট্টগ্রামের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলনের আমীর বলেন, “বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও দুর্নীতির কারণে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বাঁধ নির্মাণের কোনো সুফল সাধারণ মানুষ পায়নি। সরকারের চরম উদাসীনতা ও অপরিকল্পিত উন্নয়নের খেসারত আজ চট্টগ্রামের জনগণকে দিতে হচ্ছে।”

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হক আজাদ বলেন, “জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল সাম্য, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান দেশ সেই মূল লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি আ. ন. ম. মামুনুর রশীদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আন্দোলনের জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন, সহ-সভাপতি অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মুফতী এমদাদুল হক, যুব আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসেন ও ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সোহেল রানা প্রমুখ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222