কওমি মাদরাসা স্থাপনের নীতিমালা ও পৃথক বোর্ডের সিদ্ধান্ত বাতিলের দাবি শিক্ষক পরিষদের

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: কওমি মাদরাসা স্থাপনের জন্য নতুন নীতিমালা প্রণয়ন এবং হাফেজিয়া মাদরাসাগুলোর জন্য পৃথক কেন্দ্রীয় বোর্ড গঠনের সরকারি উদ্যোগ বন্ধ রাখার জোর আহ্বান জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষক পরিষদ। সংগঠনের শীর্ষ নেতারা সতর্ক করে বলেছেন, এ ধরনের উদ্যোগ কওমি শিক্ষার নিজস্ব আইনি কাঠামো ও স্বাতন্ত্র্যের সঙ্গে স্পষ্টত সাংঘর্ষিক এবং এতে দেশের সনাতনী কওমি শিক্ষাব্যবস্থায় সরকারের অযাচিত হস্তক্ষেপের পথ প্রশস্ত হবে।

শনিবার (১১ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি পর্যালোচনা সভায় সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা) এই আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

জরুরি ওই সভায় আরও উপস্থিত ছিলেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আলী আজম, মহাসচিব মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, যুগ্ম-মহাসচিব মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ ও যৌথ যুগ্ম-মহাসচিব মেরাজুল হক মাজহারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় প্রদত্ত বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬-এর নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ (মাদরাসা-২) কওমি মাদরাসা স্থাপনের নতুন নীতিমালা তৈরি ও হাফেজিয়া মাদরাসার জন্য আলাদা বোর্ড গঠনে গত ৯ জুলাই একটি বৈঠক আহ্বান করে। তবে কওমি মাদরাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ এবং এর আওতাধীন স্বীকৃত ছয়টি শিক্ষাবোর্ডের প্রতিনিধিরা উক্ত বৈঠকে অংশ না নিয়ে অসন্মতি প্রকাশ করেছেন।

শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের উসুল ও মূলনীতির আলোকেই কওমি মাদরাসাগুলো সম্পূর্ণ সরকারি অনুদান ছাড়াই স্বকীয়তায় মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত শিক্ষা দান করে আসছে। এছাড়া ২০১৮ সালের ‘কওমি মাদরাসা সনদের স্বীকৃতি সংক্রান্ত আইন’-এ স্পষ্ট বলা আছে, কওমি মাদরাসার স্বকীয়তা ও স্বায়ত্তশাসিত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে। তাই নতুন কোনো সরকারি বাধ্যবাধকতা চাপানো সেই আইনের আক্ষরিক চেতনার পরিপন্থী।

বিবৃতিতে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে এমন কোনো কঠোর বা জটিল শর্ত আরোপ করা হতে পারে, যা নতুন মাদরাসা প্রতিষ্ঠা বা পরিচালনায় অনাকাঙ্ক্ষিত বাধা তৈরি করবে। বিশেষ করে হিফজ বিভাগে বাধ্যতামূলকভাবে সাধারণ শিক্ষাক্রম যুক্ত করা হলে পবিত্র কুরআন হিফজ করার মূল শিক্ষাধারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা কওমি শিক্ষার স্বকীয়তা, স্বাধীনতা ও ঐতিহ্য বজায় রাখতে সরকারকে কওমি মাদরাসা সংক্রান্ত যেকোনো নতুন নীতিমালা প্রণয়ন এবং পৃথক হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে সম্পূর্ণ বিরত থাকার বিনীত আহ্বান জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222