বন্যায় ডুবছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল ৫ নদীর পানি বিপদসীমার ওপরে হাজার হাজার মানুষ পানিবন্দি। চলমান এ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসী, বিত্তবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠন এবং দলীয় নেতাকর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
গতকাল ১০ জুলাই ২০২৬ শুক্রবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেসে অবস্থিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অফিস সংলগ্ন জামি’আ ইসলামিয়া দারুল উলূম ঢাকায় এক ইসলাহী মাহফিলে বক্তব্যদানকালে তিনি এ আহ্বান জানান।
তিনি আরো বলেন, বন্যার কারণে বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওষুধ ও শিশুখাদ্যের সংকট দেখা দিয়েছে। এমন দুর্যোগে মানবিক দায়িত্ব থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
আরও বলা হয়, বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সামর্থ্য অনুযায়ী খাদ্য, বিশুদ্ধ পানি, পোশাক, ওষুধ এবং আর্থিক সহায়তা প্রদান করে দুর্গত মানুষের কষ্ট লাঘবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ইমাম পরিষদ সভাপতি বলেন, বিভিন্ন শ্রেণী থেকে অভিযোগ উঠেছে ২০২৪ এর বন্যায় যে পরিমাণ হাইপ ছিলো, যে পরিমাণ মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলো সে তুলনায় চট্টগ্রামের বন্যা আজ ৪/৫ দিন হয়ে গেলেও দুর্যোগ- দুর্ভোগের খবর মানুষের কাছে পৌঁছাচ্ছে না আর মিডিয়াগুলোও সেইভাবে নিউজ কভার করছে না।
অতএব তিনি, এই দুর্যোগে দুর্ভোগ মোকাবিলায় রাজনৈতিক মতভেদ ভুলে মানবতার কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার ও দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য, অতীতেও বন্যা পরিস্থিতিতে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি একই ধরনের মানবিক আহ্বান জানিয়েছিলো।
