নাটোরের নলডাঙ্গায় পাটুল হালতি বিলে নিষিদ্ধ বাধাই জাল দিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলেকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করেছে প্রশাসন। এ সময় চারটি নৌকা এবং দুটি বাধাই জাল জব্দ করা হয়। জব্দ করা নৌকা ও জালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস এবং নলডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ এবং নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খাঁন জানান, হালতি বিল দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৎস্যসম্পদের উৎস। অবৈধ কারেন্ট জাল দিয়ে পোনা মাছ নিধন করলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। প্রজনন মৌসুমে মাছের অবাধ বিচরণ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে প্রশাসন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টিএইচএ/
