বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

by Abid vs36

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে আকস্মিক স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় ওই যুবকের বাম পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) জারুলিয়াছড়ি বিওপির অধীনস্থ ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী সীমান্ত এলাকা থেকে মিয়ানমার ভূখণ্ডের আনুমানিক ৫০০ মিটার ভেতরে ‘গরবিটা’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানটি বর্তমানে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ‘আউং থা পায়া’ পোস্টের অন্তর্ভুক্ত বলে নিশ্চিত করেছে বিজিবি ও স্থানীয় সূত্র।

বিজ্ঞাপন
banner

আহত আব্দুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মকতুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম আরও তিনজনের সাথে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে বনাঞ্চলে চলাচলের সময় হঠাৎ পুতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটলে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। বিস্ফোরণের পরপরই তাঁর সাথে থাকা বাকি তিনজন ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। অবস্থার অবনতি হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির জানান, প্রাপ্ত প্রাথমিক তথ্যমতে দুর্ঘটনাটি সম্পূর্ণ মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ঘটেছে এবং একটি স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবক মারাত্মক আহত হয়েছেন। ঘটনাটি বিজিবি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে বিদ্যমান ঝুঁকির কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনে নো-ম্যান্স ল্যান্ড বা মিয়ানমার সীমান্তে যাতায়াত না করার জন্য বিজিবির পক্ষ থেকে ক্রমাগত সচেতন ও সতর্ক করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানা এলাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. কামাল মিয়া জানান, আহত যুবককে দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ঘটনাটি সীমান্ত পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে সংগঠিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে আইনি ও প্রশাসনিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222