৩৬নিউজ ডেস্ক: পাঁচ দফা দাবি আদায়ে সারাদেশব্যাপী অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ধর্মঘটের কারণে জরুরি স্বাস্থ্যসেবায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ধর্মঘটের এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল মাদবর। তিনি জানান, দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষোপ না পাওয়ায় তারা বাধ্য হয়ে সারা দেশে সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
সমিতির উত্থাপিত পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রথমত, অ্যাম্বুলেন্স সেবার জন্য প্রস্তাবিত ও যৌক্তিক বাণিজ্যিক নীতিমালার অবিলম্বে পূর্ণ বাস্তবায়ন। দ্বিতীয়ত, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে রোগী আনা-নেওয়ার সুবিধার্থে অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট ও পর্যাপ্ত পার্কিং সুবিধা নিশ্চিত করা। তৃতীয়ত, হাইকোর্টের নির্দেশনার আলোকে দেশের সকল সড়ক, সেতু ও মহাসড়কে অ্যাম্বুলেন্সকে টোল-মুক্ত চলাচলের সুযোগ দেওয়া। চতুর্থত, লাশবাহী ফ্রিজার ভ্যান এবং মৃতদেহ বহনকারী সব ধরনের অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে টোল-ফ্রি সুবিধা প্রদান করা। পঞ্চমত, জরুরি সেবা হিসেবে দিন-রাত ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি (তেল ও গ্যাস) সরবরাহ নিশ্চিত করা।
জরুরি চিকিৎসাসেবা সচল রাখতে ও রোগীদের ভোগান্তি এড়াতে দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
টিএইচএ/
