ইসলাম ডেস্ক :: ইসলামের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম সৃষ্টিজীবের প্রতি দয়ালু ছিলেন। অপার এক মানবাতাবাদি আচরণের শক্তি ছিল তার। মহান আল্লাহ যে জীবকে সৃষ্টি করেছেন তার প্রতি তিনি রহমদিল ছিলেন। আজ যা আমাদের জন্য বড়ই শিক্ষার বিষয়। মহান আল্লাহর এক বিশেষ গুণ দয়ার্দ্রতা। তিনি পরম দয়ালু, অসীম করুণাময়। তাঁর রহমত সমগ্র সৃষ্টিজগৎকে পরিবেষ্টন করে আছে। আকাশ-বাতাস, পাহাড়-পর্বত, নদীনালা, মানুষ, পশুপাখি সবকিছুই তাঁর দয়ার পরশে সিক্ত।
যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিজীবের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে, আল্লাহ–তাআলা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে নিজের বিশেষ রহমতের অন্তর্ভুক্ত করেন।
মানুষের প্রতি দয়া, অসহায়দের সাহায্য, এতিমদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেওয়া, বৃদ্ধ পিতা-মাতার সেবা করা, গরিব-মিসকিনের কষ্ট লাঘব করা, এমনকি পশুপাখির প্রতিও সদয় আচরণ করা, এসবই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন, ‘যারা দয়া করে, পরম দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪১)
এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর রহমত লাভের অন্যতম প্রধান উপায় হলো তাঁর সৃষ্টির প্রতি দয়া ও সহমর্মিতা প্রদর্শন করা। ইসলামের ইতিহাসে এমন বহু ঘটনা রয়েছে, যেখানে শুধু দয়ার কারণে মানুষ আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করেছে।
বুখারি ও মুসলিম শরিফে একটি ঘটনা বিবৃত হয়েছে। যার বিবরণ হলো, চলতি পথে এক লোকের পিপাসা পেয়েছিল। পিপাসার কী কষ্ট তা সে অনুভব করতে পারছিল। এ অবস্থায় একটা কুয়ার পানি দ্বারা তার নিজ পিপাসা নিবারণের সুযোগ হয়েছিল।
যারা দয়া করে, পরম দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবেন।
পিপাসা নিবারণের পর যখন চলে যাবে, অমনি দেখতে পায় এক পিপাসার্ত কুকুর, যেটি জিহ্বা দিয়ে কাদা চেটে চেটে পিপাসা নিবারণের ব্যর্থ চেষ্টা করছিল। এ দৃশ্য তার মনে রেখাপাত করে বসল। সে চিন্তা করল ক্ষণিক আগে পিপাসার যে কষ্ট তার ওপর দিয়ে যাচ্ছিল, সেই একই কষ্ট এখন এই কুকুরটি ভোগ করছে।
এভাবে কাদামাটি চেটে কি সে তার পিপাসা নিবারণ করতে পারবে? কুকুরটির জন্য তার মন কেঁদে উঠল। সে কালবিলম্ব না করে কুয়ায় নেমে পড়ল এবং নিজ মোজায় পানি ভরে নিল।
এখন সে কুয়া থেকে কীভাবে উঠে আসবে? খাড়া কুয়ার নিচ থেকে উঠতে হলে দুই হাত দিয়ে কিছু ধরে ধরেই উঠতে হবে। আবার দুই হাত দিয়ে কিছু ধরলে মোজা তুলবে কী করে? অগত্যা সে মোজাটি মুখ দিয়ে কামড়ে ধরল আর হাত দ্বারা কুয়ার দেয়াল বেয়ে ওপরে উঠে এল।
তারপর সে কুকুরটির পিপাসা নিবারণ করল। কুকুরটির প্রতি তার এ দরদ আল্লাহ–তাআলার কাছে কবুল হয়ে গেল। আল্লাহ–তাআলা তার প্রতি রাজিখুশি হয়ে গেলেন এবং তার পাপসমূহ ক্ষমা করে তাকে জান্নাত দান করলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এ ঘটনা বর্ণনা করলে সাহাবিরা বিস্মিত হলেন যে একটি কুকুরকে পানি পান করানোর এত ফজিলত! কৌতূহলবশে তাঁরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম-কে এ বিষয়ে জিজ্ঞেসই করে বসলেন। তিনি বললেন, হ্যাঁ। তাজা কলিজাবিশিষ্ট অর্থাৎ জীবিত যে কোনো প্রাণীর সেবাযত্ন করলে আল্লাহ–তাআলা খুশি হন এবং তিনি যত্নকারীকে পুরস্কৃত করেন। (সহিহ বুখারি, হাদিস: ৬০০৯)
পশু কিংবা পাখি সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তবেই ইসলাম পরিপূর্ণরূপে মানা হবে। আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।
