জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক চেতনা সমুন্নত রাখতে এবং জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট (বুধবার) রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করবে।
শনিবার (১ আগস্ট) দুপুরে পুরানা পল্টনস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতৃবৃন্দের যৌথসভায় সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট সকাল ১১টা থেকে পল্টন মোড়ে বিশাল সমাবেশ শুরু হবে এবং জোহরের নামাজের পূর্বে রাজপথে গণমিছিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে সরাসরি রাজপথে উপস্থিত থেকে চরমোনাই পীর নিজের ও দলের অস্তিত্ব ঝুঁকিতে ফেলে ভূমিকা রেখেছিলেন। তিনি আরও উল্লেখ করেন, ২০২৬ সালের ৫ আগস্ট রাজপথে বিপুল জনসমাগমের মাধ্যমে জুলাইয়ের অবিনশ্বর শক্তির পুনঃপ্রদর্শন করা হবে। গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ও সংস্কার কর্মসূচিগুলো দ্রত বাস্তবায়নে ঢাকার রাজপথ আন্দোলনকারীদের বিপ্লবী স্লোগানে মুখরিত হয়ে উঠবে।
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় আয়োজিত উক্ত যৌথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর দক্ষিণের সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ্ব আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা, আলহাজ্ব আব্দুল আউয়ালসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীল শীর্ষ নেতৃবৃন্দ।
টিএইচএ/
