কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার দিন শেষে এই ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, দুই দেশের মধ্যে চলমান আলোচনায় বেশ ভালো অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষই এখন চুক্তি ঘোষণার খুব কাছাকাছি রয়েছে। যদিও এখনও এক বা দুটি ছোট বিষয় সমাধান করা বাকি রয়েছে, তবে সংশ্লিষ্টদের মতে সেগুলোর কোনোটিই খুব বেশি জটিল নয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই আলোচনার সম্ভবত মূল বিষয়টি হলো হরমুজ প্রণালি অতিক্রম করার সময় বাণিজ্যিক জাহাজ ও নৌযানগুলোর সুনির্দিষ্ট গতিপথ নির্ধারণ করা।
এর আগে গত বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় দেশ এই বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছে এবং বর্তমানে জাহাজ ও নৌযান চলাচলের জন্য নতুন পথের ভৌগোলিক স্থানাঙ্ক (কোঅর্ডিনেটস) চূড়ান্ত করার কাজ চলছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল এই হরমুজ প্রণালি নিয়ে অতীতে বিভিন্ন বিষয়ে বিতর্ক থাকলেও, এর মধ্যে ইরান কর্তৃক প্রাথমিকভাবে টোল বা মাসুল আরোপের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। নতুন এই চুক্তির মাধ্যমে প্রণালিতে নৌচলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
টিএইচএ/
