আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে নিয়ে গিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সি এস জি ইমরানকে হোটেলের কক্ষের শৌচাগারে গলার নালি কাটা অবস্থায় পাওয়া যায়। পাশের বিছানায় ছিল তার ১০ ও ৫ বছর বয়সি দুই মেয়ের মরদেহ।
হোটেলের নিরাপত্তাকর্মীরা ইমরানকে উদ্ধার করে মণিপাল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, ইমরান তার স্ত্রীর অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন। পুলিশের কাছে তিনি দাবি করেছেন, সন্তানদের এমন মায়ের কাছে বড় করতে চাননি। এ কারণে দুই মেয়েকে হত্যা করে নিজেও প্রাণ দেওয়ার সিদ্ধান্ত নেন।
বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অব পুলিশ জি কে মিথুন কুমার জানান, ইমরান ও তার দুই মেয়ে রোববার সন্ধ্যায় হোটেলে ওঠেন। সোমবার বিকেল চারটার দিকে হোটেলের কর্মীরা কক্ষে গিয়ে দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া পাননি। পরে কক্ষে ঢুকে দুই মেয়েকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান তারা।
পুলিশের প্রাথমিক ধারণা, গলা টিপে দুই মেয়েকে হত্যার পর ছুরি দিয়ে নিজের গলা কাটেন ইমরান। তিনি নিজেই মেয়েদের হত্যার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, ইমরান বেঙ্গালুরুর নাগাওয়ারার বাসিন্দা। কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে, তার বক্তব্যের পেছনে প্রকৃত কারণ কী এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
