আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আফগানিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সাদিন আইয়িলদিজের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক, বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক সম্প্রসারণসহ তুরস্কে বসবাসরত আফগান অভিবাসীদের নানা সমস্যা সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা আরিয়ানা নিউজ জানায়, আফগানিস্তানের বিভিন্ন খাতে বিনিয়োগকারী তুর্কি কোম্পানিগুলোর প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করেন বারাদার। তিনি নতুন করে আরও তুর্কি উদ্যোগকে আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানান এবং আশ্বাস দেন যে, ইসলামিক আমিরাতের পক্ষ থেকে তুর্কি বিনিয়োগকারীদের সব ধরনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তা প্রদান করা হবে।
বৈঠকে তুরস্কে অবস্থানরত আফগান অভিবাসীদের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বারাদার তাঁদের সমস্যা দূরীকরণ এবং প্রয়োজনীয় সহায়তা ও সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন।
অন্যদিকে তুর্কি রাষ্ট্রদূত সাদিন আইয়িলদিজ আফগানিস্তান ও তুরস্কের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, পরিবহন, ট্রানজিট, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও প্রসারিত করতে তুরস্ক প্রস্তুত রয়েছে।
আইয়িলদিজ আরও আশ্বাস দেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এবং বৈশ্বিক দরবারে দেশটির সঠিক চিত্র তুলে ধরতে তুরস্ক তার কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি, আফগান নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করতে তুরস্ক ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে এ সুবিধা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।
