শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট এবং বেহাল শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফুঁসে উঠেছে ফ্রান্সের শিক্ষার্থীরা। দেশজুড়ে হাইস্কুলগুলোতে চলা টানা ছাত্র বিক্ষোভ ও অবরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ ও শিক্ষার্থীরা। এ ঘটনায় একদিনেই চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন অঞ্চলে গত সপ্তাহ থেকে এই ছাত্র আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, দেশের শিক্ষাব্যবস্থা এখন ধ্বংসের মুখে। প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ৩৪ ছাড়িয়ে যাওয়ায় পড়াশোনা অসম্ভব হয়ে পড়েছে এবং শিক্ষকরাও অতিরিক্ত চাপে আছেন।
মূলত অতিরিক্ত ভিড়যুক্ত শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের মতো দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর স্থায়ী সমাধানের দাবিতেই এই আন্দোলন গড়ে উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশজুড়ে অন্তত ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কড়া নজরদারি রাখা হয়। বিক্ষোভের একপর্যায়ে কিছু স্থানে ডাস্টবিন ও বাসস্টপে আগুন জ্বালানো হয় এবং বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে।
জানা যায়, মঙ্গলবারের এই বিক্ষোভে অন্তত ১০ জন শিক্ষক, বেশ কয়েকজন শিক্ষার্থী এবং ৪৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন
