নাচ-গান নয়, খুবিতে ইসলামী মূল্যবোধে ব্যতিক্রমী শিক্ষা সমাপনী

by hsnalmahmud@gmail.com

বিশ্ববিদ্যালয়ের বিদায় সংবর্ধনা বললেই সাধারণত চোখে ভেসে ওঠে নাচ, গান ও রঙ-বেরঙের সাংস্কৃতিক আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, ধর্মীয় বিশ্বাস ও ইসলামী অনুশাসনকে গুরুত্ব দিয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের (২২ ব্যাচ) সাধারণ শিক্ষার্থীদের একাংশ। ‘মুমিনরাই বিজয়ী’ প্রতিপাদ্য সামনে রেখে ‘আল ইনতিসার-২২’ শিরোনামে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে দুই দিনব্যাপী এ ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজিত হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পাস জীবনের ইতি টানতে নিজেদের ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্‌যাপনের একটি বিকল্প পথ তৈরি করতেই এ উদ্যোগ। ২০১৭ সালে ১৬-১৭ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) শিক্ষার্থীদের হাত ধরে ‘আল বিদা-১৭’ নামে এই ধারার সূচনা হয়েছিল। পরবর্তীতে ১৮ ব্যাচের ‘সবর-১৮’, ১৯ ব্যাচের ‘মুসাফির-১৯’, ২০ ব্যাচের ‘আল ইত্তিহাদ-২০’ এবং ২১ ব্যাচের ‘আল ইতিসাম-২১’-এর ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হচ্ছে ‘আল ইনতিসার-২২’।

বিজ্ঞাপন
banner

এবারের দুই দিনব্যাপী আয়োজনে ইসলামী ইলম, আমল, আখলাক, আদর্শ মুসলিম শিক্ষার্থীর পরিচয় এবং কর্মজীবনে সততা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা থাকছে। পাশাপাশি কোরআন তিলাওয়াত, নাশিদ পরিবেশনা এবং ফিলিস্তিন, উইঘুর ও কাশ্মীরসহ বিশ্বজুড়ে মুসলিম জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার আয়োজন রাখা হয়েছে।

অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান আকর্ষণ হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ও লেখক ডা. শামসুল আরেফীন শক্তি। এ ছাড়া নাশিদ পরিবেশন করেন কলরবের জনপ্রিয়শিল্পী আবু সুফিয়ান ও তাঁর দল। দ্বিতীয় দিনের সকালে দড়ি টানা ও হাঁড়ি ভাঙার মতো ঐতিহ্যবাহী খেলাধুলার পাশাপাশি সন্ধ্যায় মূল আলোচনা পর্বে উপস্থিত থাকার কথা রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ফকীহ আব্দুল মালেক, ডা. নাবিল ও ডা. নোবেলের।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় বহুধর্মীয় সহাবস্থান ও বৈচিত্র্যে বিশ্বাসী। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষার্থীরা যেকোনো ধর্মীয় বা সাংস্কৃতিক আয়োজন করতে পারে। সম্পূর্ণ অরাজনৈতিক ও নৈতিক এ ধরনের উদ্যোগকে আমরা সবসময় স্বাগত জানাই।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের অনুপ্রেরণায় ইতোমধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) ‘সালসাবিল ২.০’ নামে অনুরূপ কর্মসূচি আয়োজিত হয়েছে। প্রচলিত আড়ম্বরের বাইরে ধর্মীয় অনুশাসন ও নৈতিক আদর্শ অক্ষুণ্ন রেখে পরবর্তী জীবনে প্রবেশ করার এই নতুন ধারা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222