জেদ্দায় হজ-উমরাহ সেবা সম্মেলন ও মেলা পরিদর্শন ধর্ম উপদেষ্টার

by Fatih Work

জেদ্দায় হজ-উমরাহ সেবা সম্মেলন ও মেলা পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সৌদি আরবের জেদ্দায় চারদিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলন ও মেলা পরিদর্শনে যান উপদেষ্টা। মেলাপ্রাঙ্গণে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ ধর্ম উপদেষ্টাকে স্বাগত জানান।

বিজ্ঞাপন
banner

মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ এ সম্মেলন ও মেলার উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে মুসলিম দেশের ধর্মমন্ত্রী, রাষ্ট্রদূত এবং ৮৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ধর্ম উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল হজ সম্মেলন ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। পরে প্রতিনিধি দল পরিবহন ও হজ সেবা প্রদানকারী কোম্পানিগুলোর স্টলগুলো ঘুরে দেখেন।

‘নুসুকের পথে’ শীর্ষক থিমকে সামনে রেখে অনুষ্ঠিত এ সম্মেলন এবং মেলায় ৩০০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। মেলায় অংশগ্রহণকারী সংস্থাগুলো হজ ও উমরাহর অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করছে। তাদের প্রদর্শনীর বিষয়গুলোর মধ্যে লজিস্টিকস, পরিবহন, ভিড় ব্যবস্থাপনা, আবাসন, আতিথেয়তা, ক্যাটারিং  প্রভৃতি অন্যতম। এ বিষয়গুলো হজের আনুষ্ঠানিকতা ও হাজীদের সেবার মান উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ। একইসঙ্গে মেলার স্টলে হজ খাতে স্টার্টআপ ও উদ্ভাবকদের জন্য সুযোগের বিষয়গুলো প্রদর্শন করা হচ্ছে।

এ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে  একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও উমরাহ মন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে এবছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন।

বালাদেশি প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, সৌদি আরবে নিযুক্ত কাউন্সিলর (হজ) মোঃ জহিরুল ইসলাম ও কনসাল (হজ) আসলাম উদ্দিন।

এমএনএকে/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222