আজ (৫ ফেব্রুয়ারি) টঙ্গী তুরাগ পাড়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাতে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ ময়দানে এসে পৌঁছেছেন। ফজরের নামাজের পর থেকেই মানুষেরা ময়দানের দিকে রওনা হন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কগুলোতে মানুষের স্রোত আরও বৃদ্ধি পায়।
মানুষেরা রেল, সড়ক, কিংবা হেঁটে তুরাগ নদীর তীরে এসে পৌঁছেছেন। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে টঙ্গী ইজতেমা মাঠের কাছাকাছি সড়ক-মহাসড়কে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
মাওলানা কাসেম আহমেদ জানান, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এবং গুনাহ মাফের আশায় তারা ইজতেমা ময়দানে এসেছেন। তারা আল্লাহর কাছে পরিবার, পরিজন এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করবেন।
খালেদ নামে এক মুসল্লি জানান, তিনি ভোর ৫টায় পিকআপে করে কাপাসিয়া থেকে রওনা দেন এবং ভোগড়া বাইপাসে পৌঁছান। পরিবহন না পেয়ে, অন্যান্য মুসল্লিদের মতো হাঁটা শুরু করেন।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ ধাপের আখেরি মোনাজাত বুধবার দুপুর ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
এনএ/
