পবিত্র ঈদুল আজহার প্রথম দিন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কোরবানির ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
শনিবার (৭ জুন) সন্ধ্যায় গুলশানে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
প্রশাসক বলেন, “কোনো ওয়ার্ডেই শতভাগ বর্জ্য অপসারণ সম্ভব হয়নি। তবে প্রধান সড়ক ও আশপাশের এলাকাগুলো পরিষ্কার রাখা হয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ময়লা পড়ে নেই।”
তিনি আরও জানান, ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭ হাজার ৮০০ টন কোরবানির বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত ডাম্পিং স্থানে ফেলা হয়েছে, যা মোট উৎপন্ন বর্জ্যের প্রায় ৮৫ শতাংশ।
এজাজ জানান, “পরবর্তী তিন দিনও আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পুরো শহর পরিষ্কার রাখতে আমরা নিরলসভাবে কাজ করছি।”
হাআমা/
