মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ওশ থেকে সরিয়ে ফেলা হলো সোভিয়েত নেতা ভ্লাদিমির লেনিনের বিশাল ভাস্কর্য। ৭৫ ফুট (২৩ মিটার) উচ্চতার এই মূর্তিটি ছিল দেশটির সবচেয়ে উঁচু লেনিন ভাস্কর্যগুলোর একটি।
শনিবার (৮ জুন) শহরের কেন্দ্রস্থল থেকে মূর্তিটি একটি ক্রেন দিয়ে নামিয়ে নেওয়ার দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এটি শহরের ‘স্বাভাবিক নগর পরিকল্পনার অংশ’ হিসেবে সরানো হয়েছে। ওশ সিটি হল এক বিবৃতিতে জানিয়েছে, নগরের স্থাপত্যিক ও নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ। তারা বলেন, বিষয়টি যেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখা হয়।
সোভিয়েত শাসনামলে ১৯৭৫ সালে স্থাপিত এই লেনিন ভাস্কর্যটি ছিল ঐতিহাসিক এক প্রতীক। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা অনেক দেশ রাশিয়ার প্রভাব ও পুরনো ঐতিহ্য মুছে নিজেদের জাতীয় পরিচয় পুনর্গঠনের পথে হাঁটছে। কিরগিজস্তানেও এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, মূর্তিটির স্থানে এখন একটি জাতীয় পতাকা দণ্ড স্থাপন করা হবে। এর আগে একই ধরনের উদ্যোগ দেখা গেছে রাজধানী বিশকেকেও, যেখানে লেনিনের আরেকটি মূর্তি অপসারণ করে পতাকা স্থাপন করা হয়েছিল।
এদিকে, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র কিরগিজস্তানে এমন ঘটনা ঘটছে এমন এক সময়ে, যখন মস্কোর ব্যস্ততম একটি মেট্রো স্টেশনে সম্প্রতি সোভিয়েত শাসক জোসেফ স্তালিনের নতুন ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। বিষয়টি মধ্য এশিয়ায় ঐতিহাসিক প্রতীক ও জাতীয় পরিচয় নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এনএ/
