মো. রেজওয়ান, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং কর্মকর্তা-কর্মচারীদের একই সুতোয় বাঁধতে ও ক্যাম্পাস-সংশ্লিষ্ট সব সেবা হাতের মুঠোয় এনে দিতে তৈরি হয়েছে বিশেষ অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন ‘RU Connect’। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী সুজন প্রধান ও নাজমুল হাসান নিজেদের মেধা ও শ্রমে এই সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। ইতিমধ্যে অ্যাপটি সাধারণ ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে।
‘Butterfly Devs’-এর ব্যানারে নির্মিত এই অ্যাপের মাধ্যমে এখন থেকে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত যেকোনো নির্ভরযোগ্য তথ্য ও প্রয়োজনীয় সেবা এক জায়গা থেকেই সহজে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য তথ্য প্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজলভ্য করাই এই সৃজনশীল উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তরুণ এই দুই ডেভেলপার।
যা যা থাকছে ‘RU Connect’ অ্যাপে: ক্যাম্পাস জীবনের খুঁটিনাটি ও প্রয়োজনীয় সব উপাদান দিয়ে সাজানো হয়েছে অ্যাপটি। এর উল্লেখযোগ্য ফিচারগুলোর মধ্যে রয়েছে:
-
জরুরি নোটিশ ও আপডেট: বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দাপ্তরিক নোটিশ ও তাৎক্ষণিক খবরাখবর।
-
অ্যালামনাই নেটওয়ার্ক ও ক্যারিয়ার: সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের মাধ্যম, চাকরির বিজ্ঞপ্তি ও ক্যারিয়ার গাইডলাইন।
-
রিসোর্স হাব ও বাস শিডিউল: শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পড়াশোনার কনটেন্ট এবং বিশ্ববিদ্যালয়ের বাসের হালনাগাদ সময়সূচি।
-
মেডিকেল ও রক্তদাতার তথ্যভান্ডার: জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপভিত্তিক ডোনারদের তালিকা ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের তথ্য।
-
কমিউনিটি ও মার্কেটপ্লেস: ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোক্তা বা ব্যবসায়িক যোগাযোগের জন্য বিশেষ মার্কেটপ্লেস।
-
রাকসু ও গুরুত্বপূর্ণ লিংক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)–সংক্রান্ত তথ্য এবং বিশ্ববিদ্যালয়ের দরকারি সব ওয়েবসাইটের লিংক।
অ্যাপটির অন্যতম ডেভেলপার সুজন প্রধান ও নাজমুল হাসান তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবারকে একটি আধুনিক ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা। আমরা বিশ্বাস করি, RU Connect অ্যাপটি সাধারণ শিক্ষার্থীদের দৈনন্দিন প্রাতিষ্ঠানিক জীবনকে আরও সহজ, গতিশীল ও সুসংগঠিত করতে অনন্য ভূমিকা রাখবে।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁরা আরও জানান, ব্যবহারকারীদের নিয়মিত মতামত ও চাহিদার ওপর ভিত্তি করে অ্যাপটিতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার ও তথ্য হালনাগাদ করা হবে। আগামীতে আরও উন্নত প্রযুক্তি ও নাগরিক সুবিধা সংযোজনের মাধ্যমে ‘RU Connect’-কে রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য একটি পূর্ণাঙ্গ, স্বয়ংসম্পূর্ণ ও নিখুঁত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন এই দুই তরুণ প্রযুক্তিবিদ। বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে ‘Butterfly Devs’ লিখে সার্চ করলেই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারছেন।
টিএইচএ/
