নিমরোজ মরুভূমিতে ৫ আফগান অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ আরো ১৪

by Fatih Work

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ পথে ইরান যাওয়ার সময় আফগানিস্তানের নিমরোজ প্রদেশের এক মরুভূমিতে তীব্র গরম ও তৃষ্ণায় পাঁচ আফগান যুবকের মৃত্যু হয়েছে। ১৯ জনের ওই দলটির বাকি ১৪ জন অভিবাসনপ্রত্যাশী এখনও নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, একদল যুবক হেলমান্দ ও নিমরোজ প্রদেশের দুর্গম মরুভূমি ব্যবহার করে অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন। যাত্রাপথে তীব্র তাপদাহ এবং পানিশূন্যতার কারণে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাকি ১৪ জনের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। নিখোঁজদের জীবিত অথবা মৃত উদ্ধার করতে নিরাপত্তা বাহিনী মরুভূমিতে অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন
banner

নিমরোজের বাসিন্দা বাহাদুর বেগ তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুবকদের উচিত এই বিপজ্জনক ও অবৈধ পথ পরিহার করে বৈধ উপায়ে ভ্রমণের চেষ্টা করা। একই সাথে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে তিনি সরকারের প্রতি অনুরোধ জানান, যেন তরুণদের এভাবে প্রাণ হারাতে না হয়। আরেক বাসিন্দা আহমদ বারাকজাই জানান, ইরানি ভিসা পাওয়া যাচ্ছে না এবং দেশেও কোনো কাজ নেই, যার ফলে মানুষ বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছে।

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশটি মূলত পাকিস্তান ও ইরানে অবৈধভাবে প্রবেশের অন্যতম প্রধান ট্রানজিট রুট হিসেবে পরিচিত। দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকার এই রুট দিয়ে অবৈধ যাতায়াত নিষিদ্ধ করলেও, এক শ্রেণীর তরুণ মানব পাচারকারীদের সহায়তায় গোপনে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকেরা মনে করেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে সরকারের উচিত অবিলম্বে দেশে কর্মসংস্থান তৈরি করা অথবা নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশে কর্মী পাঠানোর ব্যবস্থা করা।

তথ্যসূত্র: টোলো নিউজ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222