ভেনেজুয়েলার তেল বিক্রির ঘোষণা ট্রাম্পের

by hsnalmahmud@gmail.com

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আটকে থাকা তেল পরিশোধন ও বিক্রির একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এ বিষয়ে কারাকাসের সঙ্গে আলোচনা করছে — যা ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন এখন ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় করেই এগোচ্ছে।

মঙ্গলবার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ৩ থেকে ৫ কোটি ব্যারেল নিষেধাজ্ঞাভুক্ত তেল পরিশোধন করে বিক্রি করবে। এই তেল সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠানো হবে এবং পুরো প্রক্রিয়াটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করবেন জ্বালানি সচিব ক্রিস রাইট।

বিজ্ঞাপন
banner

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন,
“এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার নিয়ন্ত্রণে থাকবে, যাতে তা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে ব্যবহার হয়।”
বর্তমান দামে এই চুক্তির মূল্য প্রায় ১.৯ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাদুরো আটক, শোক ঘোষণা কারাকাসে

একই সময়ে যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়েছেন। তিনি বর্তমানে নিউইয়র্কে মাদক মামলায় কারাবন্দি। ওয়াশিংটন পোস্টের বরাতে রয়টার্স জানায়, শনিবার ভোরে চালানো অভিযানে আনুমানিক ৭৫ জন নিহত হন। তবে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা জানায়নি।

ভেনেজুয়েলার সেনাবাহিনী ২৩ জন নিহতের নাম প্রকাশ করেছে। কিউবা জানিয়েছে, তাদের ৩২ জন সামরিক ও গোয়েন্দা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

রাশিয়া, চীন এবং ভেনেজুয়েলার বামপন্থী মিত্ররা এই অভিযানের নিন্দা জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্ররা আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে রদ্রিগেজ সরকারের সমন্বয়

যদিও ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত, তবু ট্রাম্প প্রশাসন বর্তমানে রদ্রিগেজ ও মাদুরো সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে। এতে বিরোধী দল হতাশ হয়েছে, যারা রাজনৈতিক পরিবর্তনে বড় ভূমিকা আশা করেছিল।

নোবেলজয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বলেন, তিনি দেশে ফিরে নেতৃত্ব দিতে চান। তবে তিনি রদ্রিগেজকে “মধ্যপন্থী নন” বলে মন্তব্য করেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ট্রাম্পকে জানিয়েছে, রদ্রিগেজ ও কিছু মাদুরোপন্থী কর্মকর্তাই এই মুহূর্তে স্থিতিশীলতা বজায় রাখতে সবচেয়ে কার্যকর।

মার্কিন তেল কোম্পানির বিনিয়োগ

ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করবে। এতে এক্সন মবিল, কনোকোফিলিপস ও শেভরনের মতো কোম্পানিগুলো উপকৃত হবে। শিগগিরই মার্কিন তেল কোম্পানির প্রধানরা হোয়াইট হাউসে আসবেন বলে জানা গেছে।

নিরাপত্তা ও গ্রেপ্তার

মাদুরো আটক হওয়ার পর যারা তার সঙ্গে সহযোগিতা করেছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। ১৪ জন সাংবাদিককে সাময়িক আটক করা হয়। রাজধানী কারাকাসে ড্রোন ঠেকাতে পুলিশ আকাশে গুলি ছোড়ে বলে জানিয়েছে সরকার।

তবে ভেনেজুয়েলার উপতথ্যমন্ত্রী সিমন আরেচিদার বলেন, “কোনো সংঘর্ষ হয়নি। পুরো দেশ শান্ত রয়েছে।”- সূত্র: আরিয়ানা নিউজ

অনুবাদ: আব্দুল্লাহ কাসিম আজওয়াদ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222