সুনামগঞ্জে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ

by Abid vs36

‘বর্ষাকালে গ্রামের চারদিকে পানি থাকে, গ্রামটি পাঁচটি পাড়ায় বিভক্ত। নৌকার অভাবে ছেলেমেয়েরা সময়মতো স্কুলে যাওয়া-আসা করতে পারে না, ট্রলারের জন্য ঘাটে বসে থাকতে হয়। এমপি সাহেবের বরাদ্দে স্কুলের জন্য নৌকা দেওয়ায় আমাদের খুব উপকার হলো। এখন বাচ্চারা সময়মতো স্কুলে যেতে পারবে।’ কাজের বিনিময়ে টাকা (টিআর) কর্মসূচির বরাদ্দে বিদ্যালয়ে যাতায়াতের জন্য নৌকা পাওয়ায় দুর্ভোগ লাঘবের বিষয়টি এভাবেই স্বস্তির সাথে ব্যক্ত করেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুল আজিজ।

বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট চিরতরে দূর করতে সোমবার (২০ জুলাই) দুপুরে মধ্যনগর উপজেলার যোগাযোগবিচ্ছিন্ন দুর্গম হাওর এলাকার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কাঠের নৌকা হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের বিশেষ নির্দেশনায় ২ লাখ ৬০ হাজার টাকা টিআর বরাদ্দে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক তদারকিতে এই নৌকাগুলো মজবুতভাবে তৈরি করা হয়।

বিজ্ঞাপন
banner

উপজেলার যে ১৬টি বিদ্যালয়ে এসব নৌকা বিতরণ করা হয়েছে, সেগুলো হলো—সালিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলমা মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোয়াদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর সিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আটাইশি-মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলার শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই নৌকাগুলো হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। নৌকা পাওয়ার বিষয়ে খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশিদ আলম জানান, স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দে প্রস্তুতকৃত নৌকাগুলো পেয়ে বিভিন্ন পাড়া থেকে শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার এক বিশাল সুবিধা হলো। এর ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিও বহুগুণ বৃদ্ধি পাবে। বিদ্যালয় কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে এসব নৌকা সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে।

মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫টি স্কুল অত্যন্ত দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন হাওর এলাকায় অবস্থিত। বর্ষাকালে চারপাশে থৈ থৈ পানি থাকায় ট্রলারের জন্য দীর্ঘক্ষণ ঘাটে বসে থাকতে হতো, ফলে শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে আসতে পারত না। সংসদ সদস্য মহোদয় বিষয়টি অত্যন্ত মানবিকতার সাথে বিবেচনা করে নিজ উদ্যোগেই এই জরুরি বরাদ্দ দিয়েছেন এবং বাকি দুর্গম বিদ্যালয়গুলোতেও পর্যায়ক্রমে নৌকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এতে হাওরাঞ্চলে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার হার অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222