১ মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড গ্রাম

by Fatih Work

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে মাত্র এক মিনিটের প্রলয়ঙ্করী টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে পুরো এলাকা। আজ রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে আঘাত হানা এই আকস্মিক টর্নেডোতে অন্তত ৩০টি পরিবারের ঘরবাড়ি, সীমানা প্রাচীর ও বিপুল পরিমাণ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চোখের পলকে আবাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন দুর্গতরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই আকাশ অন্ধকার হয়ে বিকট শব্দের সৃষ্টি হয়। কিছু বুঝে ওঠার আগেই একটি শক্তিশালী ঘূর্ণিঝড় গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। মাত্র এক মিনিটের এই তাণ্ডবে অসংখ্য বসতঘরের টিনের চাল উড়ে যায়। তীব্র বাতাসে অনেক ঘরের টিন ৩০০ থেকে ৪০০ গজ দূরে গিয়ে আছড়ে পড়ে। এ সময় শত শত গাছপালা উপড়ে পড়ে এবং বিভিন্ন কাঁচা-পাকা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক এই দুর্যোগে চরম আতঙ্কে ঘর ছেড়ে খোলা জায়গায় ছুটে যান নারী ও শিশুসহ স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন
banner

টর্নেডোর আঘাতে গ্রামের জয়নাল আবদিন, নূর নবী, কামাল উদ্দিন, চেমনা খাতুন, মো. আলম, হোসনে আরা, আবুল হোসেন, বিবি আমেনা, শহিদুল ইসলাম, মো. রাজ্জাক, আমির হোসেন, মো. হারুন, মো. এনামুল হক, খুরশীদ আলম, আবদুর শুক্কুর, ওমর ফারুক, মো. শহিদ, মো. নাহিদ, মোহাম্মদ ফারুকসহ অন্তত ৩০টি দিনমজুর ও মধ্যবিত্ত পরিবারের মাথা গোঁজার ঠাঁই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত জয়নাল আবদিন বলেন, “এনজিও থেকে ঋণ নিয়ে এবং ধারদেনা করে অনেক কষ্টে ঘরটি নির্মাণ করেছিলাম। মাত্র এক মিনিটের টর্নেডো আমার সবকিছু শেষ করে দিল। এখন এই বৃষ্টির মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে কোথায় আশ্রয় নেব, সেই দুশ্চিন্তায় বুক ফেটে যাচ্ছে।” আরেক ক্ষতিগ্রস্ত নারী চেমনা খাতুন বলেন, “ঘরের নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ করতে পারিনি। চোখের পলকেই সব তছনছ হয়ে গেল, ঘরের টিনগুলোও খুঁজে পাচ্ছি না।”

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “টর্নেডোটি খুব অল্প সময় স্থায়ী হলেও এর ধ্বংসক্ষমতা ছিল অনেক বেশি। দরিদ্র ও মেহনতি মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। আমি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের প্রতি দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানাচ্ছি।”

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঠিক তালিকা প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের পুনর্বাসনে দ্রুত প্রয়োজনীয় সব ধরনের জরুরি সরকারি সহায়তা প্রদান করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222