৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

by Abid vs36

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে টানা প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষার্থীদের উত্থাপিত দাবি মেনে অভিযুক্ত ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িক বরখাস্ত, দুটি তদন্ত কমিটি গঠন এবং একাধিক সিদ্ধান্তের ঘোষণা দেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন
banner

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটসংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে ট্রেনে মারধর করেছেন টিটিই সুমন। ঘটনার বিচার, অভিযুক্তের শাস্তি এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা রেললাইন অবরোধ করলে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসন, পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত টিটিই সুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকে একটি বিভাগীয় তদন্ত কমিটি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে আরেকটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া আহত শিক্ষার্থী ফুরকান উদ্দিনের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তিনি চাইলে রেলওয়ে হাসপাতালের পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন। দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে গভীর রাতে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্রশাসন ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যাতে এ ধরনের ঘটনার শিকার না হন, সে বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি মিলেছে। এসব আশ্বাসের ভিত্তিতেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা রেললাইন ছেড়ে দিলে ধাপে ধাপে ট্রেন চলাচল শুরু হয়। ফলে দীর্ঘ আট ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়ে আসে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222