অতিবৃষ্টির মধ্যে এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক এক বিবৃতিতে দেশব্যাপী টানা অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যাসদৃশ পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশের বহু অঞ্চলের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারছে না। অনেক পরীক্ষার্থীকে প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ভিজে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। এতে তারা শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপেরও শিকার হচ্ছে। এমন বৈরী পরিবেশে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে না।

বিজ্ঞাপন
banner

গণমাধ্যমে এমন সংবাদও প্রকাশিত হয়েছে যে, পরীক্ষা প্রত্যাশামতো না হওয়ার মানসিক চাপে একজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। যদি এ ঘটনা সত্য হয়ে থাকে, তবে এটি অত্যন্ত মর্মান্তিক। কোনো পরীক্ষাই একজন শিক্ষার্থীর জীবনের চেয়ে মূল্যবান হতে পারে না।”

তিনি আরও বলেন, “আমি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, চলমান পরিস্থিতিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে অবিলম্বে পুনর্বিবেচনা করুন। পরিস্থিতির উন্নতি হলে সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হোক, যাতে দেশের সব শিক্ষার্থী সমান সুযোগ ও মানসিক স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।”

বিবৃতির শেষে আল্লামা মামুনুল হক মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা যেন দেশের সকল শিক্ষার্থীকে নিরাপদ রাখেন, তাদের জন্য কল্যাণকর ফয়সালা সহজ করে দেন এবং সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।”

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222