৩৬নিউজ ডেস্ক: টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার পর তা আবার কমতে শুরু করেছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীটির পানি নেমে বিপৎসীমার নিচে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ড সূ্ত্রে জানা গেছে, ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে আজ মঙ্গলবার বেলা ১১টায় পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার, যা এই পয়েন্টের বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে। এর আগে গতকাল সোমবার রাতে একই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা তীরবর্তী বিভিন্ন নিচু এলাকা ও চরাঞ্চলের বেশকিছু বসতবাড়ি ও ফসলি জমিতে পানি ঢুকে পড়ে প্লাবিত হয়।
বর্তমানে পানি হ্রাস পাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের প্লাবিত এলাকাগুলো থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। তবে পানি কমলেও নদীর তীরবর্তী বাসিন্দারা নতুন করে আবার পাহাড়ি ঢল নামার ভয়ে কিছুটা দুশ্চিন্তা ও সতর্ক অবস্থানে রয়েছেন।
পরিস্থিতি সম্পর্কে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবাহ কমে যাওয়ায় তিস্তার পানিও দ্রুত হ্রাস পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের প্রয়োজনীয় জলকপাটগুলো খুলে রাখা হয়েছে এবং পুরো এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই সাথে নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
টিএইচএ/
