আজ রাতে ইরানের ওপর এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান। বেসেন্ট দাবি করেন, এই মার্কিন হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে তেহরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া।
সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী ইরানের বিরুদ্ধে বিশ্বজুড়ে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। বিশেষ করে বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টাকে তিনি এই উত্তেজনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের অর্থনৈতিক ও সামরিক আগ্রাসন রুখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন জাহাজ, যুদ্ধবিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে রাশিয়ার পক্ষ থেকে গোয়েন্দা তথ্য সরবরাহের খবর পাওয়া গেছে। এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র সবকিছুই অত্যন্ত নিবিড়ভাবে ট্র্যাক করছে এবং সেই অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন, পর্দার আড়ালে কে কার সঙ্গে যোগাযোগ রাখছে সে বিষয়ে মার্কিন কমান্ডার-ইন-চিফ ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি অবগত এবং যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের কড়া জবাব দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
টিএইচএ/
