ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল রাতে বড় ধরনের ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডেইলি জং সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বুধবার রাতে কিয়েভে চালানো রুশ হামলায় ২ শিশু-সহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৮ জন আহত এবং ৭টি জেলার আবাসিক ও অন্যান্য ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলেনস্কি আরও বলেন, হামলার পরই রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। তার ভাষায়, ‘কিয়েভে এ হামলা প্রমাণ করে যে রাশিয়ার কূটনৈতিক আলোচনায় কোনো আগ্রহ নেই। তারা আলোচনার টেবিলের পরিবর্তে বেছে নিচ্ছে ব্যালিস্টিক মিসাইল।’
ইউক্রেনীয় প্রেসিডেন্টের অভিযোগ, রাশিয়া যুদ্ধ শেষ করার কোনো উদ্যোগ না নিয়ে বরং লাগাতার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
সূত্র: ডেইলি জং
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
