ইস্তাম্বুলে ফিলিস্তিন সম্মেলনে দেশের চার শীর্ষ আলেমকে আমন্ত্রণ

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’-এ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশের চার শীর্ষ আলেম ও ইসলামি ব্যক্তিত্ব। ফিলিস্তিন ও কুদস ইস্যুতে আন্তর্জাতিক পরিসরে আলেমদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক জনসচেতনতা জোরদারের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সম্মেলনের আয়োজক ‘হাইআতু উলামা-ই ফিলিস্তিন’ (ফিলিস্তিনি আলেম সমিতি)। সম্মেলনে অংশ নিতে আমন্ত্রিত বাংলাদেশি আলেমদের ভিসার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৯ জুলাই) ৩৬ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আমন্ত্রিত অতিথিদের একজন এবং রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার (মোহাম্মদপুর) প্রধান মুফতি ও দেশের অন্যতম শীর্ষ আলেম বহুগ্রন্থপ্রণেতা মুফতি হিফজুর রহমান।

বাংলাদেশ থেকে আমন্ত্রিত অন্য অতিথিরা হলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এ ছাড়া শিক্ষাবিদ অধ্যাপক আমিরুল ইসলামসহ বাংলাদেশ থেকে আরও কয়েকজন আলেম এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাছে পাঠানো হাইআতু উলামা-ই ফিলিস্তিনের এক সুপারিশপত্রে বলা হয়েছে, আলেমদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং ফিলিস্তিন ও কুদস ইস্যুতে বৈশ্বিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। চিঠিতে ফিলিস্তিন ও কুদস ইস্যুতে সচেতনতা তৈরিতে বাংলাদেশি আলেমদের অবদানের কথা প্রশংসার সঙ্গে উল্লেখ করা হয়।

আয়োজকদের তথ্যমতে, পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আলেমরা অংশ নেবেন। মূল সম্মেলনের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য তুরস্কের বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আমন্ত্রিত আলেমদের একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222