৩৬নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। মূল রুটে সাময়িক ব্যাঘাত ঘটলেও অল্টারনেটিভ রুটে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ চালু রাখা হয়েছে। তবে ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সোমবার বিকেল ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছাকাছি এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের (পশ্চিমাঞ্চল) বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইনচ্যুত বগিটি রেখেই ট্রেনটির বাকি অংশ পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঈশ্বরদী বাইপাস স্টেশনসংক্রান্ত বিকল্প পথ হিসেবে বর্তমানে মূল ঈশ্বরদী স্টেশন ব্যবহার করে রেল চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। কোনো রুটে ট্রেন বন্ধ রাখা হয়নি এবং উদ্ধারকারী ক্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
রেলওয়ে সূত্রের তথ্যানুযায়ী, মূল ঈশ্বরদী স্টেশন ঘুরে ট্রেন পরিচালনা করতে হওয়ায় উত্তরাঞ্চলগামী প্রতিটি ট্রেনের নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। আকস্মিক এই রুটের পরিবর্তনের ফলে ঈশ্বরদী ও আশপাশের স্টেশনগুলোতে ট্রেনের অপেক্ষায় থাকা হাজার হাজার সাধারণ যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
টিএইচএ/
