‘উনি কীভাবে আসবেন, এটা ওনার সমস্যা। এটা আমার সমস্যা না’ বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাসপোর্ট না থাকায় তিনি কীভাবে দেশে আসবেন এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
শেখ হাসিনার দেশে আসা প্রসঙ্গে আইনমন্ত্রী আরও বলেন, ‘আমাদের…চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিয়েছে, আমি আইনের প্রয়োগটা করব।’ আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সাক্ষাৎকারে যে কথা বলেছেন শেখ হাসিনা, সে ব্যাপারে সরকারের পদক্ষেপ আইনমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকেরা। জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হলো, পররাষ্ট্র মন্ত্রণালয় তার (শেখ হাসিনা) প্রত্যর্পণের চেষ্টা করছে কি করছে না, সেটা আপনি কীভাবে জানেন? অবশ্যই চেষ্টা করছে, আমি বলছি।
দ্বিতীয়ত হলো, একজন ফাঁসির আসামি হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার (আত্মসমর্পণ) করতে চান, সেখানে হয়তো সারেন্ডারের আগেই অ্যারেস্ট (গ্রেপ্তার) হবেন। ‘কিন্তু তার সেই অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদের অথরিটি (কর্তৃত্ব) দিয়েছে, আমরা সে অথরিটি এক্সারসাইজ করব।’
