রাঙ্গামাটি প্রতিনিধি :: এক সপ্তাহের ব্যবধানে রাঙ্গামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে চারবার বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
মঙ্গলবার ( ১৬ জুলাই ) কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান গণমাধ্যমকে এই ঘটনা জানান।
টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় বর্তমানে কাপ্তাই হ্রদে রুল কার্ভের চেয়ে অতিরিক্ত পানি থাকার কারণে বিদ্যুৎকেন্দ্রের সবকয়টি ইউনিট চালু রেখে এই কেন্দ্র থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা এই বছরের সর্বোচ্চ।
কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, হ্রদে ক্রমান্বয়ে পানি বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তৎমধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৫০ মেগাওয়াট এবং ৪ নম্বর ও ৫ নম্বর ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
তিনি জানান, মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে ১০২.২৫ ফুট এমএসএল (মিনস সি লেভেল)। রুল কার্ভ অনুযায়ী এসময় পানি থাকার কথা ৮৫.০৮ এমএসএল। হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।
এর আগে গত সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার দু’দফায় বিদ্যুৎ উৎপাদন বাড়ার পর গতকাল সোমবার তৃতীয় দফায় ২০৬ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। এই কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪২ মেগাওয়াট।
