চট্টগ্রামে বন্ধ এইচএসসি পরীক্ষা, সারাদেশে চলবে

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে কান না দিয়ে সতর্ক থাকতে বলেছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত থাকবে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন সভা থেকে জানানো হয়, সারাদেশে পরীক্ষা গ্রহণের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে। সোমবার একটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হওয়ায় ওই বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে কোনো পরীক্ষা কেন্দ্রে সমস্যা দেখা দিলে কেন্দ্র স্থানান্তরের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে পরিস্থিতির কারণে কুমিল্লার একটি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কর্মকর্তারা জানান, একটি কেন্দ্রের ভিডিও বা পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করছেন জানিয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, বেলা পৌনে ১২টার দিকে বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে আব্দুল্লাহপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222