আন্তর্জাতিক ডেক্স: নির্বাচনের দুই বছর পেরিয়ে গেলেও জম্মু ও কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা না দেওয়ায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মোদি সরকার বিষয়টি পরিষ্কার না করা পর্যন্ত নয়াদিল্লিতে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার জম্মুতে আয়োজিত এক জনসভায় ক্ষোভ প্রকাশ করে ওমর আবদুল্লাহ বলেন, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। প্রথমে বলা হয়েছিল বিধানসভায় প্রস্তাব পাস করে রাজ্য মর্যাদা মিলবে না। এরপর বলা হলো আন্দোলন বা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করলেও কাজ হবে না। কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ঠিক কী করলে জম্মু ও কাশ্মীর পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরে পাবে? ভারতের মোদি সরকারকে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, অধিকার আদায়ে তবে কি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারে যেতে হবে, নাকি হোয়াইট হাউসের সামনে গিয়ে ধর্মঘটে বসতে হবে?
সমাবেশ থেকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, দাবি আদায়ে তারা দিল্লির রাজপথে নামবেন এবং দ্বারে দ্বারে ঘুরবেন। আগামী ২০ জুলাই থেকে ভারতের জাতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে। অধিবেশনের প্রথম দিনেই নয়াদিল্লিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করা হয়। সে সময় জম্মু–কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে কেন্দ্রীয় সরকার। তৎকালীন সময়ে বিজেপি সরকার সময়মতো জম্মু ও কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।
টিএইচএ/
